সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং খাতে বাংলাদেশের অগ্রগতি এবং দক্ষ জনশক্তি তৈরির সম্ভাবনা তুলে ধরা হয়েছে পর্তুগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ডের (আইএসটিকিউবি) জেনারেল অ্যাসেম্বলি ২০২৬-এ। সম্মেলনে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের (বিএসটিবি) চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।
বিএসটিবি প্রেসিডেন্ট ড. এম. নুরুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদলটি সম্মেলনে অংশ নেয়। এ সময় সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ১০ হাজার আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার কোয়ালিটি ও টেস্ট ইঞ্জিনিয়ার তৈরি এবং তাঁদের কর্মসংস্থানের লক্ষ্য তুলে ধরা হয়। এ লক্ষ্য বাস্তবায়নে আইএসটিকিউবির আন্তর্জাতিক নেটওয়ার্ক, সার্টিফিকেশন কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন সহযোগিতাকে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশে এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল।





