বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। ডলার এবং তেলের দামের ঊর্ধ্বগতির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরো বাড়াতে পারে-এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ১১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতিআউন্সে ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৫২৭ দশমিক ৬০ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম প্রায় ০ দশমিক ২ শতাংশ কমেছে।

এ ছাড়া জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতিআউন্স ৪ হাজার ৫২৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মেরেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার রয়টার্সকে বলেন, স্বর্ণের দাম কমার প্রধান কারণ হচ্ছে ডলার। দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকায় ডলারের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে।

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপার দামও কমেছে। শুক্রবার রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতিআউন্স ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে।

এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতিআউন্স ১ হাজার ৯৫৫ দশমিক ৬৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতিআউন্স ১ হাজার ৩৭৫ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

দেশীয় বাজারে বর্তমানে প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
এ ছাড়া-২১ ক্যারেটের প্রতিভরি : ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।
১৮ ক্যারেটের প্রতিভরি : ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা।
সনাতন পদ্ধতির প্রতিভরি : ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।