অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন। দলটির কার্যক্রম নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ সমাবেশের আয়োজন করে।

রিজভী বলেন, ফের রক্তের নেশায় মত্ত হয়েছেন শেখ হাসিনা। লুটপাটের টাকায় কিশোর গ্যাংকে দিয়ে বাসে আগুন, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভারতের সীমান্তে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ খুন, গুম, হত্যা ও দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধের চেতনা প্রসঙ্গে রিজভী বলেন, মুক্তিযুদ্ধ কি ছিল পিন্ডির কাছ থেকে বের হয়ে দিল্লির দাসত্ব করা? মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করতেন। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনাসহ তাঁর পরিবার পাকিস্তানের ভাতা খেয়েছেন। মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো অবদান নেই। পাকিস্তানের ক্ষমতার জন্য একের পর এক বৈঠক করেছিলেন শেখ মুজিব।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, বাবার তৈরি করা বাকশাল পুনর্জীবিত করেছিলেন শেখ হাসিনা। পিতার পথ অনুসরণ করেই তিনি গুম-খুন শুরু করেছিলেন। ছাত্র-জনতার ধাওয়া খেয়ে পালানোর পর শেখ হাসিনার সমর্থনে দেশে একটি মিছিলও হয়নি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য ইশরাক হোসেন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল প্রমুখ।