সরকারের পক্ষ থেকে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে বাধ্য থাকবে ভারত। এক্ষেত্রে, বাংলাদেশও প্রস্তুত হ্যান্ডকাপ পরা শেখ হাসিনাকে বরণ করে নিতে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশ সরকার পতাকাবাহী বিমান না পাঠালে সে দেশে ফিরবে না! সরকারও স্পষ্ট জানিয়ে দিয়েছে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্য দিল্লিতে আলাদা কোনো ফ্লাইট যাবে না। এর আগে, শেখ হাসিনা দাবি করেছিল, বাংলাদেশ সেনাবাহিনী যেন তাকে বিমানে করে নিয়ে আসে। শেখ হাসিনার এই অনুরোধে সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো সাড়াশব্দ দেয়নি, দেওয়ার সুযোগও নেই।
তিনি আরও লেখেন, আর পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি নানক-নাছিমদের পেট্রাপোল সীমান্ত ভিজিট করার তথ্যও সঠিক নয়। ডেইলি ওয়াদা এ সংক্রান্ত একটি রিপোর্ট করেছে। সেখানে ইন্ডিয়ান আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৪ পলাতক নেতার বৈঠকের সত্যতা নেই। অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নেতাকর্মীদের চাঙ্গা করার উদ্দেশে পেট্রাপোল সীমান্তে পলাতক ৪ নেতার বৈঠকের স্ট্যান্টবাজি করা হয়েছে।
তাহলে শেখ হাসিনার ফেরার পথ কী প্রশ্ন করে রাশেদ লেখেন, গুজব ছাড়িয়েছে শেখ হাসিনা নাকি পাসপোর্ট ও এনআইডির আবেদন করার জন্য নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশনে যাবে! কারণ মেট্রিক্স চেম্বার্সের সই জালিয়াতির বিষয়টি এরইমধ্যে স্পষ্ট হয়ে গেছে। তবে, অবস্থা যাই হোক না কেন, কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীর পাসপোর্ট বা এনআইডি পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, নয়াদিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে আসামাত্র শেখ হাসিনাকে গ্রেফতার হবে।
শেষে তিনি লেখেন, আর শেখ হাসিনা গ্রেফতার হলে ভারত তাকে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে বাধ্য থাকবে। এক্ষেত্রে বাংলাদেশও প্রস্তুত হ্যান্ডকাপ পরা শেখ হাসিনাকে বরণ করে নিতে… সরকারের পক্ষ থেকেও সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কিন্তু শেখ হাসিনা তো ফাঁসিতে ঝুলতে ফিরবে না বলে জানিয়ে দিলো, এখন আগুনসন্ত্রাসীদের কী হবে?





