গাজীপুর মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সৃষ্ট এসব অসন্তোষের জেরে গাজীপুরে ৭০টি কারখানায় ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি কারখানার শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইরে জড়ো হন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা হাতে নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা করলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন।
পরে সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন জানান, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোনাবাড়ীর ঘটনার পর ভোগড়া, নাওজোর ও জরুন এলাকায়ও শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ে। এসব এলাকায়ও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সদরের মাস্টারবাড়ি, মেম্বারবাড়ি এবং পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায় কয়েকটি কারখানার শ্রমিক মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী, জরুনসহ বেশ কয়েকটি এলাকার কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ দিনের পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে ৭০টি কারখানায় ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।





