রাজধানীর বনানী এলাকার কামাল আতাতুর্ক পার্কের নামফলকে গুরুতর বানানগত ত্রুটি দেখা গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক স্থাপিত নামফলকে তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্কের নাম বিকৃত হয়ে ‘আতাতুক’ এবং ‘পার্ক’ শব্দটি ‘পাক’ হিসেবে প্রদর্শিত হচ্ছে।
জানা যায়, ২০২২ সালে বনানী ২৭ নম্বর সড়কে অবস্থিত পার্কটিতে ডিএনসিসির লোগোসংবলিত এই নামফলক স্থাপন করা হয়। তবে বর্তমানে ফলকটিতে ‘কামাল আতাতুর্ক পার্ক’-এর পরিবর্তে ‘কামাল আতাতুক পাক’ লেখা দেখা যাচ্ছে। দুটি শব্দ থেকেই ‘রেফ’ অক্ষর অনুপস্থিত থাকায় নামটির অর্থ ও শুদ্ধতা নষ্ট হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নামফলকটি এ অবস্থায় থাকলেও তা সংশোধনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। কীভাবে, কখন বা কার মাধ্যমে এই পরিবর্তন হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।
এ ঘটনায় ডিএনসিসির তদারকি ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। রাজধানীর অন্যতম অভিজাত এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পার্কের নামফলকে এমন স্পষ্ট ভুল দীর্ঘদিন ধরে বহাল থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়েও সমালোচনা দেখা দিয়েছে।
নাগরিকদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে নামফলকের ভুল সংশোধনের পাশাপাশি এ ধরনের অবহেলা যেন ভবিষ্যতে না ঘটে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।





