২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, একই মাসে স্কুল ড্রেস বিতরণ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একইসঙ্গে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক হলে শিক্ষার্থীরা কোচিং বিমুখ হবে। খেলাধুলা ও সংস্কৃতিতেও বিশ্বনেতৃত্বে তৈরির জন্য নতুন করে কাজ শুরু করেছে সরকার। চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিককে সব চেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে কারিগরি শিক্ষাকে। আগামীর বাংলাদেশকে ঢেলে সাজাতে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে শিক্ষাকে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্ষত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।

শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তনের আভাস দিয়ে মন্ত্রী বলেন, ‘২০২৮ সালের পর থেকে এইচ এসসি পরীক্ষা দেয়ার পর শিক্ষার্থীদের আর দীর্ঘ অপেক্ষা করে সময় নষ্ট করতে হবে না। ফলাফল হওয়ার সাথে সাথেই তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।’ শিক্ষাব্যবস্থাকে সেশন জটমুক্ত করতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পাঠ্যপুস্তক পরিমার্জনের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সকল স্কুলে পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেয়া নিশ্চিত করা হবে। যাতে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা কোনো রকম জটিলতা ছাড়া বই পেতে পারে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মাঝে পড়াশোনার ভেতরেই আটকে না রেখে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’

মোহাম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।