২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার রেফারি ওমর আরতান। তবে টুর্নামেন্টে কোনো ম্যাচ পরিচালনা করতে না পারলেও তাকে নির্ধারিত পুরো পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
৩৪ বছর বয়সী আরতান বিবিসিকে জানান, গত সোমবার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। এরপর তার কূটনৈতিক পাসপোর্ট ও একবার প্রবেশের ভিসা থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
একজন মার্কিন সরকারি কর্মকর্তা অভিযোগ করেন, সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার কারণে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন আরতান। তার দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাকে আল-শাবাবসহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলেও তিনি সব অভিযোগ অস্বীকার করেন।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর পর তুরস্কের ইস্তাম্বুলে ফিফা কর্মকর্তারা তাকে সহায়তা করেন এবং পরে তিনি নিজ দেশে সোমালিয়ায় ফিরে যান।
বিশ্বকাপে কোনো ম্যাচ পরিচালনা করতে না পারলেও ফিফা জানিয়েছে, রেফারিদের নির্ধারিত নিয়ম অনুযায়ী আরতানকে পুরো টুর্নামেন্ট ফি প্রদান করা হবে। সাধারণত রেফারিরা টুর্নামেন্ট শেষে এই পারিশ্রমিক পান এবং আগে থেকে নির্দিষ্ট অঙ্ক জানেন না।
এদিকে আরতানকে আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপ পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে মুখোমুখি হবে পিএসজি ও অ্যাস্টন ভিলা।
ক্যারিয়ারের সফল সময় পার করা আরতান জানিয়েছেন, তিনি হতাশ নন এবং ভবিষ্যতে ২০৩০ বিশ্বকাপে দায়িত্ব পালনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।





