জুলাই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারেক রহমান ও আমি নির্বাসিত ছিলাম। আল্লাহর কী মহিমা! যদি আমরা নির্বাসিত না থাকতাম, হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়। কোনো চেতনারই ব্যবসা ভালো কিছু বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনা বাস্তবায়নের মাধ্যমেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।
পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া। শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।





