লেবার রুম না করলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল,হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে মানসম্মত ‘লেবার রুম’ স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আগামী শনিবারের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে লেবার রুম স্থাপন না করলে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিলসহ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই জরুরি নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বেসরকারি হাসপাতালগুলোতে নরমাল ডেলিভারি কার্যক্রমকে বেগবান ও নিরাপদ করতে এখন থেকে মিডওয়াইফারি নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হবে। দেশের চিকিৎসাসেবা নিয়ে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রসূতি মায়েদের জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিত করা হাসপাতালগুলোর দায়িত্ব।

অন্যদিকে, দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কার্যক্রম চলছে। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মশার লার্ভা ধ্বংস করতে আগামী সাত দিনের মধ্যে সারা দেশে প্রয়োজনীয় লার্ভিসাইড ট্যাবলেট সরবরাহ করা হবে।

তিনি আরও নিশ্চিত করেন যে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসার্থে দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও মোবাইল সেবার ব্যবস্থা রাখা হয়েছে। কিছুদিন আগে স্যালাইনের যে সাময়িক ঘাটতি ছিল, তা কাটিয়ে উঠে এখন পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

চিকিৎসকদের উদ্দেশ্যে সরদার মো. সাখাওয়াত হোসেন নির্দেশ দেন, ডেঙ্গু রোগীর জ্বর কমে গেলেও সংশ্লিষ্ট চিকিৎসক পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে না। বিশেষ করে রোগীদের প্লাজমা লিকেজের সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে চিকিৎসকদের কঠোর নজরদারিতে রাখার তাগিদ দেন তিনি।