একটি সুখী ও মজবুত দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস। তবে অনেক সময় সংসারে কোনো স্পষ্ট কারণ ছাড়াই একে অপরের প্রতি বিশেষ করে স্বামীদের প্রতি স্ত্রীদের সন্দেহের প্রবণতা দেখা যায়।
সমাজবিজ্ঞান ও সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই সন্দেহের পেছনে মানসিক অনিরাপত্তা, অতীত জীবনের কোনো তেতো অভিজ্ঞতা কিংবা যোগাযোগের অভাব বড় ভূমিকা পালন করে।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, সম্পর্কে যখন পর্যাপ্ত স্বচ্ছতা থাকে না বা স্বামী-স্ত্রীর মধ্যে খোলামেলা কথা বলার অভ্যাস কমে যায়, তখনই সন্দেহের ডালপালা গজাতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং নিজেদের ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে তুলনা করার ফলেও অনেক স্ত্রী মানসিক উদ্বেগে ভোগেন, যা পরবর্তীতে অকারণ সন্দেহে রূপ নেয়।
আবার কখনো কখনো স্বামীর কাজের অতিরিক্ত ব্যস্ততা বা আচরণে আকস্মিক পরিবর্তনও স্ত্রীদের মনে এমন ধারণার জন্ম দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই সন্দেহপ্রবণতা অবহেলা করলে সংসারে বড় ধরনের ফাটল ধরতে পারে। তাই দাম্পত্য জীবনে যেকোনো ভুল বোঝাবুঝি এড়াতে প্রথম থেকেই একে অপরের প্রতি আন্তরিক ও স্বচ্ছ হওয়া প্রয়োজন।
অকারণ সন্দেহ না করে যেকোনো বিষয়ে সরাসরি কথা বলা এবং একে অপরকে পর্যাপ্ত কোয়ালিটি সময় দিলে এই মানসিক দূরত্ব ও অবিশ্বাস সহজেই দূর করা সম্ভব।





