চলে গেলেন ব্রডওয়ে অভিনেতা জশ গ্রিসেত্তি

মার্কিন ব্রডওয়ে ও টেলিভিশনের পরিচিত অভিনেতা জশ গ্রিসেত্তি আর নেই। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ জুলাই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ বছর।

বিদেশি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার মৃত্যুর কারণ আত্মহত্যা। এ খবর প্রকাশের পর সহ-অভিনেতা রব ম্যাকক্লুর সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, জশের চলে যাওয়ার শোক ভাষায় প্রকাশ করা কঠিন। একই সঙ্গে তিনি অভিনেতার স্ত্রী ও পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের একসঙ্গে কাটানো স্মৃতির কিছু ছবিও শেয়ার করেন।

মৃত্যুর অল্প কিছুদিন আগে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জশ ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যালে মঞ্চস্থ হতে যাওয়া ‘লিগ্যালি ব্লন্ড’ প্রযোজনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।


জশের মৃত্যুর পর ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে তাকে একজন স্নেহশীল, আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবে স্মরণ করে। তারা জানায়, বন্ধু, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়, আর তার অনুপস্থিতি সবার জন্য বড় শূন্যতা হয়ে থাকবে।

ব্রডওয়েতে ‘সামথিং রটেন!’ মিউজিক্যালে ‘নাইজেল বটম’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান জশ গ্রিসেত্তি। এছাড়া ‘ইট শুডা বিন ইউ’, ‘ব্রডওয়ে বাউন্ড’, ‘রেন্ট’, ‘পিটার অ্যান্ড দ্য স্টারক্যাচার’ এবং ‘এন্টার লাফিং’-সহ একাধিক মঞ্চনাটকে তার অভিনয় প্রশংসিত হয়।

টেলিভিশনেও তিনি সফল ক্যারিয়ার গড়েছিলেন। এমি-জয়ী সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’-এর পাশাপাশি ‘নার্স জ্যাকি’, ‘দ্য গুড ফাইট’ এবং ‘দ্য নাইটস অব প্রসপারিটি’ সিরিজে অভিনয় করেন। চলচ্চিত্রে ‘দ্য নেমসেক’, ‘দ্য ইমিগ্র্যান্ট’ ও ‘রেভল্যুশনারি রোড’-সহ কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি তিনি কয়েকটি মিউজিক্যাল প্রযোজনাও পরিচালনা করেছিলেন।