বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান, আলভারেজকে ছাড়ছে না আতলেতিকো

হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর আগ্রহ নতুন নয় বার্সেলোনার। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে পেতে কাতালান ক্লাবটি আনুষ্ঠানিকভাবে বড় অঙ্কের প্রস্তাবও দিয়েছে। তবে আতলেতিকো মাদ্রিদের অবস্থান পরিষ্কার- এই মৌসুমে কোনোভাবেই আলভারেজকে বিক্রি করবে না তারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আতলেতিকো সভাপতি এনরিকে সেরেসো জানিয়েছেন, আগামী মৌসুমেও মাদ্রিদের ক্লাবটির হয়েই খেলবেন আলভারেজ। তিনি বলেন, “জোয়ান লাপোর্তা আমার ভালো বন্ধু। তিনি দারুণ একজন সভাপতি। তিনি যেমন জানেন, আপনারাও জানেন- আগামী মৌসুমে হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদের হয়েই খেলবে। সে আমাদের খেলোয়াড় এবং এখানেই থাকবে।”

এর আগে বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছিলেন, আলভারেজকে দলে নিতে আতলেতিকোর কাছে ‘গুরুত্বপূর্ণ’ একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সেই প্রস্তাব অনির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকবে না বলেও জানিয়েছিলেন তিনি।

তবে আলভারেজ নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে আতলেতিকো ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। মাত্র দুই মৌসুম পর নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার। আলভারেজের এমন মন্তব্যের পর সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া উচিত কি না- এমন প্রশ্নের জবাবে সেরেসো বলেন, “জীবনে সবাই ভুল করে। সে এখনও আতলেতিকোর খেলোয়াড়। আর জীবনের প্রায় সব সমস্যারই সমাধান আছে।”

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৭৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আলভারেজকে দলে নেয় আতলেতিকো। এরপর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে রয়েছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত মাসে রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে আতলেতিকো। আলভারেজের প্রতি আগ্রহ রয়েছে আর্সেনাল ও পিএসজিরও।

তবে বার্সেলোনা এখনো আশাবাদী। লাপোর্তা বলেন, “আমরা আতলেতিকোর প্রতি যথাযথ সম্মান রেখেই এগিয়েছি। তারা জানে, আমরা খুব ভালো একটি প্রস্তাব দিয়েছি। যদি তারা গ্রহণ করে, তাহলে দারুণ হবে। তবে এই প্রস্তাব অনির্দিষ্ট সময়ের জন্য থাকবে না।”

তিনি আরও বলেন, “খেলোয়াড় নিজেই পরিবর্তনের ইচ্ছার কথা জানিয়েছে। আমরা তাকে দলে নেওয়ার অবস্থানে আছি এবং খুব ভালো একটি প্রস্তাব দিয়েছি। যদি এই চুক্তি না হয়, তাহলে আমাদের বিকল্প পরিকল্পনাও আছে।”

বর্তমানে জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলছেন আলভারেজ। এবারের আসরে ছয় ম্যাচে একটি গোল করেছেন তিনি। রোববার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের সম্ভাব্য নয় ফুটবলারের একজন হিসেবে মাঠে নামতে পারেন এই ফরোয়ার্ড।

তথ্য সূত্র- ইয়াহু স্পোর্টস।