মামলা না তুললে ভারতে ফের আন্দোলনের হুমকি সিজেপির

আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর বাতিল না হলে ভারতজুড়ে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

মঙ্গলবার (২৮ জুলাই) দলের মুখপাত্র সৌরভ দাস এক পোস্টে মোদি সরকারকে দেওয়া প্রতিশ্রুতি স্মরণে এ সতর্কবার্তা দেন।

একই দিনে ভারতের সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর কঠোর ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিলেও, দিল্লি ও রাজ্য পুলিশকে এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। আদালতের এই আদেশের পর উদ্বেগ প্রকাশ করে সিজেপি দাবি করে, গত ২৫ জুলাই সরকার মামলা প্রত্যাহারের যে স্পষ্ট আশ্বাস দিয়েছিল, এই নির্দেশ তার সাথে সাংঘর্ষিক।

উল্লেখ্য, বিতর্কিত নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছিল সিজেপি। পরবর্তীতে সরকারের সাথে সমঝোতা ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মামলা বহাল রাখা ও নতুন করে গ্রেপ্তারের প্রতিবাদে আবারো দেশজুড়ে কর্মসূচির হুমকি দিল দলটি।