দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সোমবার (৩ আগস্ট) থেকে আমদানির সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নেওয়া এই সিদ্ধান্তের ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে খুচরা বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
গতকাল রোববার রাজধানীর একটি কাঁচাবাজার পরিদর্শনকালে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে শুল্ক কমানোর পাশাপাশি দ্রুত আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
বর্তমানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৪০০ টাকা স্পর্শ করেছিল। সরকার ও ব্যবসায়ীদের ধারণা, আমদানিকৃত কাঁচা মরিচ বাজারে পৌঁছালে সরবরাহ বৃদ্ধি পাবে এবং মূল্য দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে।




