‘বিএনপি সরকার আবার আওয়ামী লীগ হয়ে, বিএনপির ছাত্রসংগঠন ছাত্রলীগ হয়ে দেশের মানুষের ওপর নির্যাতন শুরু করেছে’ -এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আইন সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মো. জসিম উদ্দিন আজাদ। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হলে দেশের মানুষ আবারও আন্দোলনে নামবে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট ঈদগাহ রোডে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বিকেল সাড়ে ৫টার দিকে বিবিরহাট ঈদগাহ রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফটিকছড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি উপজেলা আমির মুহাম্মদ নাজিম উদ্দিন ইমু।
প্রধান অতিথির বক্তব্যে মো. জসিম উদ্দিন আজাদ বলেন, একটি ভোটে বিএনপি সরকার নির্বাচিত হয়েছিল, আরেকটি ৭০ শতাংশ ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে মানুষ রায় দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি সরকার ক্ষমতার মসনদে বসার পর জুলাইকে ভুলে গিয়েছে, যে জুলাই হয়েছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে বিএনপি সরকার আবার আওয়ামী লীগ হয়ে, বিএনপির ছাত্রসংগঠন ছাত্রলীগ হয়ে এই দেশের মানুষের ওপর নির্যাতন শুরু করে দিয়েছে। বিএনপি সরকারকে বলতে চাই, এ দেশের মানুষ কীভাবে বিপ্লব করতে হয়, আন্দোলন করতে হয়, এ দেশের শ্রমিক-জনতা তা জানে। আওয়ামী লীগ সরকারকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা যদি সংশোধন না হন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না করেন, তাহলে এ দেশের মানুষ আপনাদের বিরুদ্ধেও দ্বিতীয় বিপ্লব ঘটাতে রাস্তায় নামবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়ক একরামুল হক।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সহকারী প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম, সরকারি অফিস সম্পাদক ইজহারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন এবং যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা শাখার সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ।
সমাবেশে জামায়াতে ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১১ দলীয় ঐক্যের অন্তর্ভুক্ত নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দাবি জানান।





