সৌরজগতের বরফরাজ্য প্লুটো নিয়ে মানুষের বিস্ময়ের যেন শেষ নেই। এবার সেই বিস্ময়ে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিজ্ঞানীরা প্রথমবারের মতো প্রমাণ পেয়েছেন, এই বামন গ্রহটির পৃষ্ঠে সম্প্রতি তরল পদার্থ প্রবাহিত হয়েছে!
২০১৫ সালে নাসার মহাকাশযান ‘নিউ হরাইজনস’ প্লুটোর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় বেশ কিছু ছবি তুলেছিল। গ্রহ ও হিমবাহ বিশেষজ্ঞদের সম্মিলিত দল সেই ছবিগুলো নতুন করে বিশ্লেষণ করেই এই যুগান্তকারী তথ্য পেয়েছে। ছবিতে দেখা যায়, প্লুটোর বিশাল হৃদয় আকৃতির হিমবাহ ‘স্পুটনিক প্লানিশিয়া’-এর উত্তরের ফাটল দিয়ে তরল নাইট্রোজেন ওপরে উঠে আসছে।
নিউ হরাইজনস মিশনের প্রধান গবেষক অ্যালান স্টার্ন বলেন, প্লুটো আমাদের চমকে দেওয়া কখনোই থামায় না। তার মতে, তরল পদার্থ যে সম্প্রতি পৃষ্ঠে উঠে এসেছে এবং গ্রহটিতে যে সময়ের সঙ্গে পরিবর্তনশীল নতুন বৈশিষ্ট্য রয়েছে, এই আবিষ্কার সেটাই প্রমাণ করে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্য দুটি একসঙ্গে করলেও স্পুটনিক প্লানিশিয়ার চেয়ে ছোট হবে! এটি মূলত জমে থাকা নাইট্রোজেনের এক বিশাল প্রান্তর। গত ৩১ জুলাই ‘দ্য প্ল্যানেটারি সায়েন্স জার্নাল’-এ প্রকাশিত নতুন গবেষণা বলছে, এই হিমবাহের ফাটলগুলো মাঝে মাঝেই ভিজে ওঠে। পৃথিবীর বুকে বৃষ্টি বা নিচ থেকে ওঠা তরলে হিমবাহ যেমন ভেজে, প্লুটোর পৃষ্ঠের নকশাও ঠিক তেমনই।
তবে মজার বিষয় হলো, প্লুটোর চরম বৈরী আবহাওয়া ও তাপমাত্রায় তরল নাইট্রোজেনের বৃষ্টি হওয়া ভৌতভাবে অসম্ভব। তাই বিজ্ঞানীদের সুনির্দিষ্ট উপসংহার—এই তরল বৃষ্টি হয়ে ঝরছে না; বরং হিমবাহের নিচ থেকেই ওপরের দিকে প্রবাহিত হচ্ছে।





