যুক্তরাষ্ট্রের বাজার থেকে আনুষ্ঠানিকভাবে ২০ হাজার ৩৪৯টি গাড়ি প্রত্যাহার করছে টেসলা। বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িগুলোর সামনের লো-বিম হেডলাইটের আলো অতিরিক্ত উজ্জ্বল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ টেসলার অত্যন্ত উজ্জ্বল হেডলাইটের তীব্র সমালোচনা করেছিল। টেসলা দাবি করেছিল, এই উজ্জ্বলতা নিরাপত্তার ক্ষেত্রে ‘নগণ্য’ একটি বিষয়। তবে ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’ স্পষ্টভাবে সেই মতের সঙ্গে দ্বিমত পোষণ করে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ফেরত নেওয়া গাড়িগুলোর হেডলাইটের আলো অতিরিক্ত হওয়ায় বিপরীত দিক থেকে আসা অন্য চালকদের দেখতে সমস্যা হতে পারে। এতে বিপরীত দিক থেকে আসা চালকদের দৃষ্টিসীমা কমিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।
ফেরত নেওয়া গাড়িগুলো ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে তৈরি ১,৬১৪টি ‘টেসলা মডেল ৩’ এবং ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে তৈরি ১৮,৭৩৫টি ‘টেসলা মডেল ওয়াই’ সিরিজের নির্দিষ্ট কিছু গাড়ি রয়েছে। এই গাড়ি প্রত্যাহারের বিষয়টি ২০২৪ সালের ঘটনা।
ওই সময় টেসলা জানিয়েছিল, ‘মডেল ৩’ এবং ‘মডেল ওয়াই’ সিরিজের প্রায় ২০ হাজার গাড়ির হেডলাইটের উজ্জ্বলতা অনুমোদিত সর্বোচ্চ সীমার চেয়ে বেশি হতে পারে। টেসলার মতে, কিছু ক্ষেত্রে উজ্জ্বলতা অনুমোদিত মাত্রার দ্বিগুণেরও বেশি ছিল, যদিও তারা এই ত্রুটিকে ‘নগণ্য’ হিসেবেই অভিহিত করেছিল।
শেষ পর্যন্ত গাড়ি প্রত্যাহার এড়ানোর জন্য টেসলার করা আবেদন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যাখ্যান করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফেডারেল কর্তৃপক্ষের কাছ থেকে টেসলার জন্য এটি দ্বিতীয় বড় ধাক্কা। সংস্থাটি ঘোষণা করেছে, তারা গাড়ির সাসপেনশন বা ঝুলে থাকার ব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত শুরু করছে; কারণ নির্দিষ্ট কিছু ‘টেসলা মডেল ৩’ এবং ‘মডেল ওয়াই’ গাড়ির ‘ল্যাটারাল লিংক’ (চাকার সঙ্গে যুক্ত সংযোগকারী অংশ) অকেজো হয়ে যাওয়ার বিষয়ে ১৫৬টি অভিযোগ পাওয়া গেছে।
টেসলা এর আগেও ২০২৩ সালে ঠিক এই যন্ত্রাংশটির বিষয়ে ত্রুটি সংশোধনের জন্য গাড়ি ফেরত বা তলব ঘোষণা করেছিল। টেসলার হেডলাইটের এই সমস্যা সমাধানের প্রক্রিয়াটি হার্ডওয়্যার পরিবর্তনের মতো জটিল হবে, নাকি ‘ওভার-দ্য-এয়ার’ আপডেটের মতো সহজ কোনো পদ্ধতি হবে তা এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, ‘ওভার-দ্য-এয়ার’ আপডেটের মাধ্যমে টেসলার ‘অ্যাডাপ্টিভ বিম’ প্রযুক্তিকে কাজে লাগানো সম্ভব। টেসলা জানিয়েছে, গাড়িগুলোর সমস্যার সমাধানের উপায় এখনো চূড়ান্ত করা হয়নি। তবে প্রতিকারমূলক ব্যবস্থাটি বর্তমানে তৈরির পর্যায়ে রয়েছে।
সূত্র: রয়টার্স।





