৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাংলাদেশে শাওমির নতুন স্মার্টফোন

বড় ব্যাটারি, দ্রুত চার্জিং ও টেকসই ডিজাইনের ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। ফোনটিতে রয়েছে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং ডায়নামিক আরজিবি লাইট।

রেডমি ১৭-তে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। শাওমির দাবি, ৪৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। একবার পূর্ণ চার্জে ফোনটি দুই দিনের বেশি সময় ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। স্ক্র্যাচ ও পড়ে যাওয়ার মতো দৈনন্দিন ঝুঁকি থেকে ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩ রয়েছে।

ছবি তোলার জন্য রেডমি ১৭-তে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, স্থায়িত্ব, পারফরম্যান্স ও ডিজাইনের সমন্বয়ে বর্তমান প্রজন্মের ব্যবহারকারীদের জন্য রেডমি ১৭ তৈরি করা হয়েছে।

ফোনটি ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক—এই তিন রঙে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। উভয় দামেই ভ্যাট প্রযোজ্য।