দীর্ঘ ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ চলবে। ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
রাষ্ট্রপতি নির্বাচনে এবার মুখোমুখি হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ।
নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্যদের ভোট দেয়ার ক্ষেত্রে ৯টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শিরোনামে প্রকাশিত ইসির নির্দেশনায় ভোটার সংসদ সদস্যদের জন্য এসব করণীয় তুলে ধরা হয়েছে।
যেসব নির্দেশনা পালন করবেন সংসদ সদস্যরা
১. সংসদ কক্ষে প্রবেশ
২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। এ সময় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
২. আইডি কার্ড সঙ্গে রাখতে হবে
সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
৩. ব্যালট সংগ্রহ
নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।
৪. পছন্দের প্রার্থীকে ভোট
ব্যালটের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।
৫. ব্যালট বাক্সে জমা
ভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।
৬. ব্যালট নষ্ট হলে
কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে তা ব্যালট বাক্সে রাখার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
৭. নির্বাচনী প্রচার নিষিদ্ধ
ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।
৮. সমস্যায় চিফ হুইপের শরণাপন্ন
ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যার সৃষ্টি হলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।
৯. পূর্ণ নাম লিখতে হবে
ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেখানে পূর্ণ নাম লিখতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে ব্যালট গণনার কাজ। প্রথমে কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট ব্যবহার করা হয়নি—এসব হিসাব করা হবে। এরপর বৈধ ব্যালট থেকে দুই প্রার্থী কে কত ভোট পেয়েছেন, তা গণনা করা হবে।
গণনা শেষে সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর রাষ্ট্রপতির পদটি শূন্য হলে গত ৬ আগস্ট নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।





