বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আইনগত ব্যবস্থা নিতে তাদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সী মিয়ানমারের ১৪ পুরুষ নাগরিক স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীন কিল্লাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন বলে জানান আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। পরে তাদের বিজিবির হেফাজতে নেয়া হয়।

বিজিবি জানায়, কিল্লাইপাড়া চেকপোস্ট থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নেয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাক পরে বাংলাদেশে প্রবেশ করেন।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অনুপ্রবেশ, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার তাদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন, ‘১৮ আগস্ট মিয়ানমারের ১৪ নাগরিককে বিজিবি আটক করে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’