জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শুধু বদলি করার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এসব এলাকায় সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবানের কে এস আই মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির একটি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, সমতলের তুলনায় বান্দরবানের পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা নির্বাহ অনেক বেশি কষ্টসাধ্য। নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করা এসব মানুষের এলাকায় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন করা হলে অনিয়ম ও দুর্নীতির কারণে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।
তিনি বলেন, কোনো কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত হলে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করে সমস্যার সমাধান করা যায় না। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সৎ ও যোগ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিতে হবে।
সভায় বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।





