ভক্তদের সুখবর দিলেন টম ক্রুজ!

ভক্তদের জন্য সুখবর নিয়ে ফিরছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। প্রায় চার দশক পর আবারও রেসিং ট্র্যাকে দেখা যাবে তাকে। ১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘ডেইজ অব থান্ডার’-এর পরবর্তী কিস্তিতে ন্যাসকার চালক কোল ট্রিকল চরিত্রে ফিরছেন এই তারকা।

শনিবার, ২৯ আগস্ট, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেটোনা ইন্টারন্যাশনাল স্পিডওয়েতে দাঁড়িয়ে নতুন সিনেমাটির ঘোষণা দেন টম ক্রুজ। ন্যাসকারের নিয়মিত মৌসুমের শেষ দৌড়ের কয়েক ঘণ্টা আগে এই ঘোষণা দেওয়া হয়।

নতুন সিনেমায় টম ক্রুজের সঙ্গে অভিনয় করবেন অ্যান হ্যাথাওয়ে। সিনেমায় তাকে দেখা যাবে একজন রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে। এর ফলে দুই জনপ্রিয় হলিউড তারকার একসঙ্গে পর্দায় উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।

প্যারামাউন্ট পিকচার্সের প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। প্রযোজনার দায়িত্বে টম ক্রুজের সঙ্গে থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার। সিনেমাটি পরিচালনা করবেন জনাথন লেভিন এবং চিত্রনাট্য লিখেছেন উইল স্ট্যাপলস। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

১৯৯০ সালে মুক্তির পর ‘ডেইজ অব থান্ডার’ বক্স অফিসে ভালো ব্যবসা করলেও সমালোচকদের কাছ থেকে খুব একটা প্রশংসা পায়নি। ন্যাসকারের রেসিং জগতের বিভিন্ন বিষয় অতিরঞ্জিতভাবে তুলে ধরার কারণে সে সময় সিনেমাটি নিয়ে হাস্যরসও হয়েছিল।

তবে সময়ের সঙ্গে সিনেমাটির জনপ্রিয়তা বাড়তে থাকে। বিশেষ করে ন্যাসকার ভক্তদের কাছে এটি একসময় কাল্ট সিনেমার মর্যাদা পায়।

সিনেমাটির জনপ্রিয় সংলাপ ‘রাবিন, সন, ইজ রেসিন’ এখনও রেসপ্রেমীদের মুখে মুখে শোনা যায়। এবার সেই পুরোনো চরিত্রে টম ক্রুজের প্রত্যাবর্তন। ফলে নতুন ‘ডেইজ অব থান্ডার’ নিয়ে দর্শকদের প্রত্যাশাও এখন তুঙ্গে।