গুগলের এআই মোডে টিকিট ও হোটেল বুক

ভ্রমণের পরিকল্পনা করতে গিয়ে একসঙ্গে বিমানভাড়া, হোটেলের দাম, ভ্রমণের সময়সূচি আর বুকিংয়ের হিসাব মেলানো বেশ ঝামেলার কাজ। কখন টিকিটের দাম কমবে, কোন হোটেলে ভালো সুবিধা পাওয়া যাবে কিংবা কত মাইল বা পয়েন্ট খরচ করে ফ্লাইট বুক করা যাবেÑ এসব জানতে একাধিক ওয়েবসাইট ঘুরতে হয়। সেই অভিজ্ঞতাকে সহজ করতে এবার আরও একধাপ এগিয়ে গেল গুগল।

গুগল তাদের কথোপকথনভিত্তিক সার্চ সুবিধা ‘এআই মোড’-এ নতুন কিছু ফিচার যুক্ত করেছে। এখন ব্যবহারকারীরা শুধু ভ্রমণসংক্রান্ত তথ্য খোঁজার পাশাপাশি এআই মোডকে দিয়ে ফ্লাইটের দাম পর্যবেক্ষণ, হোটেল খোঁজা এবং বুকিংয়ের প্রক্রিয়ায় সহায়তা নেওয়ার সুযোগ পাবেন।

এর ফলে গুগলের এআই মোড ধীরে ধীরে সাধারণ সার্চ ব্যবস্থার সীমা ছাড়িয়ে এক ধরনের ডিজিটাল ভ্রমণ সহকারীতে পরিণত হচ্ছে। ব্যবহারকারীর প্রয়োজন বুঝে ভ্রমণের বিকল্প খুঁজে দেওয়া থেকে শুরু করে বুকিংয়ের বিভিন্ন ধাপেও এটি সহায়তা করবে।

ধরা যাক, কেউ নির্দিষ্ট কোনো তারিখে একটি শহর থেকে অন্য শহরে যেতে চান। তিনি এআই মোডে গন্তব্য, যাত্রার তারিখ ও অন্যান্য পছন্দ জানালেই সিস্টেমটি ৩০০টির বেশি এয়ারলাইন ও ভ্রমণসাইটের তথ্য থেকে সর্বশেষ ভাড়ার ভিত্তিতে বিভিন্ন ফ্লাইটের বিকল্প দেখাবে।

পছন্দের ফ্লাইট পাওয়ার পর ব্যবহারকারী চাইলে সেটি বুকিংয়ের জন্য এগিয়ে যেতে পারবেন। আবার যদি মনে হয় এখনই টিকিট না কিনে আরও কিছুদিন অপেক্ষা করা ভালো, তাহলে এআই মোডকে ওই ফ্লাইটের দাম পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া যাবে। দাম কমে গেলে বা পরিবর্তন হলে গুগল ব্যবহারকারীকে ই-মেইলের মাধ্যমে জানাবে। অর্থাৎ প্রতিদিন আলাদা করে ওয়েবসাইট খুলে বিমানভাড়া পরীক্ষা করার প্রয়োজন হবে না। গুগলের তথ্য অনুযায়ী, এআই মোডের ফ্লাইট মূল্য পর্যবেক্ষণ সুবিধা এখন ১৮০টির বেশি দেশে চালু হয়েছে। শুধু বিমান টিকিট নয়, হোটেল বুকিংয়েও এআই মোডকে কাজে লাগানো যাবে। ব্যবহারকারী কোথায় ভ্রমণে যাচ্ছেন, কখন যাবেন এবং কী ধরনের হোটেল চানÑ এসব তথ্য জানালে এআই মোড সম্ভাব্য হোটেলের তালিকা দেখাবে। সঙ্গে থাকবে পর্যালোচনা, গুরুত্বপূর্ণ সুবিধা এবং পছন্দ করার মতো বিভিন্ন তথ্য।

পছন্দের হোটেল খুঁজে পাওয়ার পর ব্যবহারকারী এআই মোডের মাধ্যমে বুকিং প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারবেন। সেখানে গুগলের অংশীদার হোটেল ও ভ্রমণসেবাগুলোর সঙ্গে ‘গুগলে চালিয়ে যান’ ধরনের একটি বিকল্প দেখা যাবে।

এরপর ব্যবহারকারী পছন্দের কক্ষ নির্বাচন করতে পারবেন, বাতিল করার নিয়মসহ বুকিংয়ের গুরুত্বপূর্ণ শর্তগুলো দেখে নিতে পারবেন এবং গুগল পে ব্যবহার করে অর্থ পরিশোধ করে বুকিং সম্পন্ন করতে পারবেন। তবে বুকিং-সংক্রান্ত মূল দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট হোটেল বা বুকিং প্ল্যাটফর্মের ওপর। কোনো সমস্যা হলে গ্রাহকসেবাও তারাই পরিচালনা করবে।

গুগল জানিয়েছে, এআই মোডে হোটেল বুকিং সুবিধার প্রাথমিক কার্যক্রম যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় শুরু হয়েছে। ধাপে ধাপে এতে বিভিন্ন হোটেল ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে। অংশীদারদের মধ্যে রয়েছে বুকিং ডটকম, চয়েস হোটেলস ইন্টারন্যাশনাল, এক্সপিডিয়া, হিলটন, হোটেলস ডটকম, আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, প্রাইসলাইন, ট্রিপ ডটকম ও উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টস।

ভ্রমণকারীদের জন্য আরেকটি আকর্ষণীয় সুবিধা হলোÑ পয়েন্ট ও মাইলের হিসাব। অনেক বিমান সংস্থার নিয়মিত যাত্রীরা টিকিট কেনার পরিবর্তে জমিয়ে রাখা মাইল বা পয়েন্ট ব্যবহার করেন। কিন্তু কোন ফ্লাইটে কত মাইল প্রয়োজন, তা খুঁজে বের করা অনেক সময় জটিল হয়ে পড়ে।

এআই মোড এখন সেই হিসাবও দেখাতে পারবে। ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট বিমানসংস্থা বা ভ্রমণ পুরস্কার কর্মসূচির মাইল ব্যবহার করে কোথায় যাওয়া সম্ভব, তা জানতে পারবেন। যেমন কেউ নির্দিষ্ট দুটি শহরের মধ্যে নির্দিষ্ট তারিখে সরাসরি ফ্লাইট চান এবং নিজের জমিয়ে রাখা মাইল ব্যবহার করতে চানÑ এআই মোড সেই অনুযায়ী উপযুক্ত ফ্লাইটের বিকল্প দেখাবে এবং কত মাইল প্রয়োজন হতে পারে তা জানাবে। এই সুবিধা এখন বিশ্বব্যাপী চালু হয়েছে।

গুগলের এই পরিবর্তন প্রযুক্তি ও ভ্রমণশিল্পের সম্পর্কেও নতুন ইঙ্গিত দিচ্ছে।