ভিন্নরূপে মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর স্বামী, নির্মাতা আদনান আল রাজীব-এই তারকা দম্পতি কাজের ব্যস্ততার ফাঁকে ঘুরতে ভালোবাসেন। তবে এবার হংকং সফরে গিয়ে তাঁরা যে রূপ ও আবহে ফ্রেমবন্দি হলেন, তা মেহজাবীন অনুরাগীদের কাছে একদমই অচেনা ও চমকপ্রদ।

ছবির প্রতিটি ফ্রেমে হংকংয়ের নান্দনিক শহর ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে চমৎকারভাবে মিশে গেছেন মেহজাবীন। এবার তাঁকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে-ঐতিহ্যবাহী চীনা পোশাক ‘চিওংসাম’-এ।

নান্দনিক কারুকাজ করা ফিটেড এই পোশাকটি মেহজাবীনের ফ্যাশন সেন্সকে এক অন্যমাত্রায় নিয়ে গেছে। যেন হংকংয়ের ক্লাসিক্যাল কোনো রুপালি পর্দার নায়িকার মতো লাগছিল তাঁকে। অন্যদিকে অভিনেত্রীর স্বামী আদনান আল রাজীবও কম যাননি; সাদা শার্ট, ঢিলেঢালা কালো টাই, ট্রাউজার আর কাঁধে কোট ঝুলিয়ে তিনি তৈরি করেছিলেন ষাটের দশকের রেট্রো লুক। হংকংয়ের ঐতিহাসিক নাইট লাইফ, ঐতিহ্যবাহী লাল মিনিবাস, কাচের রেট্রো টেলিফোন বুথ আর চায়নিজ ডাইনিংয়ের আবহ হয়ে উঠেছিল তাঁদের রোমান্টিক ক্যানভাস।