ফিলিপাইনে জাহাজে আগুন, নিহত বেড়ে ৭৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮ জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের জাহাজটিতে মোট ১২৮ জন যাত্রী ও কর্মী ছিলেন। এর আগে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরবর্তী যাচাইয়ে জানা যায়, তালিকাভুক্ত চারজন আসলে জাহাজটিতে ওঠেননি।

পিজিজির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, ৪৩ জন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

পিজিজি আরও বলেছে, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার কাজ এখনও চলছে।

এমভি জুন অ্যাস্টার গত বুধবার (৯ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।