যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট সিনেটর জন অসফ। রিপাবলিকান প্রার্থী ও কংগ্রেসম্যান মাইক কলিন্সকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। এবারের মধ্যবর্তী নির্বাচনে এই আসনটি ছিল অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সরকারি কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন অসফ। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কলিন্স তাঁর প্রচারে ট্রাম্পের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেন।
তবে প্রচার চলাকালে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিদের সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে সমালোচনার মুখে পড়েন কলিন্স।
২০২১ সাল থেকে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জন অসফ। তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম ইহুদি সিনেটর। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জয় পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে ২০২৪ সালের নির্বাচনে অল্প ব্যবধানে অঙ্গরাজ্যটি নিজেদের করে নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।





