মক্কা-মদিনায় চলাচল সহজ করতে ডিজিটাল মানচিত্র চালু

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আসা মুসল্লি ও দর্শনার্থীদের চলাচল সহজ করতে সাতটি আন্তর্জাতিক ভাষায় একটি ইন্টার‌্যাক্টিভ ডিজিটাল মানচিত্র চালু করেছে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানবিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।

এতে ১৭টি বিভাগে ৯৫০টিরও বেশি দর্শনীয় স্থান ও সেবাকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আছে এক লাখেরও বেশি সম্ভাব্য পথের নির্দেশনা, ৬৫০টিরও বেশি কিউআর কোড এবং ছয়টি ইন্টার‌্যাক্টিভ স্ক্রিন।

নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে দুই পবিত্র মসজিদে আসা মুসল্লিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, নামাজের জায়গা, স্থাপনা ও প্রয়োজনীয় সেবাকেন্দ্র সহজে খুঁজে নিতে পারবেন। বহুভাষিক এই মানচিত্র তাদের নির্দিষ্ট গন্তব্য শনাক্ত করতে এবং সেখানে পৌঁছানোর পথনির্দেশনা পেতে সহায়তা করবে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মানচিত্রটিতে মসজিদে হারাম ও মসজিদে নববির গুরুত্বপূর্ণ স্থানগুলোকে বিভিন্ন বিভাগে সাজানো হয়েছে।

মসজিদে হারামের মানচিত্রে রয়েছে পবিত্র কাবা, মাকামে ইবরাহিম, সাফা-মারওয়া পাহাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।

অন্যদিকে মসজিদে নববির মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে রওজা শরিফ, নবীজি (সা.)-এর হুজরা, নামাজের স্থান, মিম্বর এবং আরো বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা।

মানচিত্রটির অন্যতম বৈশিষ্ট্য হলো এতে বিপুলসংখ্যক স্থান ও সেবাকেন্দ্রের পাশাপাশি এক লাখেরও বেশি সম্ভাব্য পথের নির্দেশনা রয়েছে। ছয়টি ইন্টার‌্যাক্টিভ স্ক্রিন এবং ৬৫০টিরও বেশি কিউআর কোডের মাধ্যমে দর্শনার্থীরা স্থানভিত্তিক তথ্য ও প্রয়োজনীয় সেবা সম্পর্কে জানতে পারবেন।

সাতটি আন্তর্জাতিক ভাষায় ব্যবহারের সুবিধা থাকায় বিভিন্ন দেশের মুসল্লিদের জন্যও এটি সহায়ক হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হজ, উমরা ও অন্যান্য সময়ে আসা মুসল্লিদের অভিজ্ঞতা আরো সহজ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।