পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এ বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী রোববার সকাল থেকেই ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আগামী দু-এক দিনের মধ্যেই শ্রমিক ভাই-বোনেরা তাঁদের কাঙ্ক্ষিত দাবি পূরণের বিষয়ে সুসংবাদ পাবেন।
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার স্বার্থ রক্ষার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও দাবি-দাওয়া পূরণের পাশাপাশি দেশের শিল্পকারখানাগুলোও টিকিয়ে রাখতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক ও শিল্পের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।
বর্তমান সরকারের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রমিকদের পাওনা মজুরি নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে।





