কুর্মিটোলায় টহল গাড়িতে ককটেল হামলা: পুলিশ চালক আহত

রাজধানীর বিমানবন্দর সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে বিস্ফোরণের স্প্লিন্টারে গাড়ির চালক পুলিশ কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ককটেল হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের এক বহর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালনরত ক্যান্টনমেন্ট থানা-পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ নামের টহল গাড়ি অতিক্রম করার সময় হুট করেই ককটেল ছুড়ে মারে।

ককটেল বিস্ফোরণে টহল গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাঁ চোখে আঘাত লাগে। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ওসি আরও জানান, ককটেল হামলার পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় ও হামলায় সরাসরি ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া সড়কের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মিছিল ও হামলায় অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।