দেশের রাজনীতির মাঠে ফিরতে মরিয়া হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সংগঠিত হচ্ছেন নেতাকর্মীরা। দেশের ভেতরে তৎপরতার পাশাপাশি বিদেশে অবস্থানরত দলের নেতাকর্মীরাও সংগঠন পুনর্গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পশ্চিমা বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ভারতে ফিরেছেন। অনেকে কলকাতায় জড়ো হয়ে সাংগঠনিক বৈঠক করছেন। দেশের ভেতরে নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হচ্ছেন। সেখানে নামে-বেনামে বাসা ভাড়া নিয়ে দলের সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছেন। ঘরোয়া বৈঠক ও অনলাইন তৎপরতার পর ঝটিকা মিছিলের মাধ্যমে মাঠে উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন নেতাকর্মীরা। শুরু করেছেন নানা অপতৎপরতা। জনমনে তৈরি করা হচ্ছে আতঙ্কের পরিবেশ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কোথাও গুলি ছোড়াসহ সন্ত্রাসী কার্যকলাপ, কোথাও হুমকি-ধমকি আবার কোথাও বা অকারণে ঘটানো হচ্ছে ককটেল বিস্ফোরণ। এ ছাড়া মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে পরিস্থিতি উত্তপ্তের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দু-একটি স্থানে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তারও অব্যাহত রয়েছে।
শেখ হাসিনা সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা বারবার বলছেন। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার বা মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে, তবুও তিনি ফিরতে চান। তবে সরকার তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে। বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার কথা বলছে।
রাজনৈতিক প্রতিপক্ষরা বলছেন, গণঅভ্যুত্থানে পরাজিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার দিনক্ষণ সামনে রেখেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এসব ঘটনার উদ্দেশ্য একটাই- জনমনে আতঙ্ক তৈরি করা।
ভার্চুয়াল বৈঠক ও ঝটিকা মিছিলের কৌশল :
ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা নিয়মিতই ঘরোয়া বৈঠক করছেন। কখনো কোনো রেস্টুরেন্ট, কখনো বাসাবাড়িতে এসব বৈঠক হচ্ছে। এ ছাড়া বিদেশে থাকা নেতারা ভার্চুয়াল বৈঠকে কথা বলছেন নিয়মিত। সম্প্রতি শীর্ষ নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। ময়মনসিংহ অঞ্চলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুরুর দিকে যোগাযোগ কম থাকলেও এখন নেতারা যোগাযোগ বাড়িয়েছেন। তিনি বলেন, “আগে তো একটা হতাশা ছিল। ছাত্রলীগের বড় নেতারা নেই। যে যার মতো পালিয়ে গেছে। আমরা তখন লুকিয়ে থাকতাম। যোগাযোগই ছিল না। এখন তারাও যোগাযোগ করছে, আমরাও সক্রিয় হচ্ছি।”
জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে যান। অনেকেই দেশে আত্মগোপনে আছে। কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে। একইভাবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম কিংবা অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরাও কেউ দেশ থেকে পালিয়ে যান, কেউবা আত্মগোপনে থাকেন। এখন ধীরে ধীরে তাদের অনেকেই সামনে আসতে শুরু করেছেন। ঝটিকা মিছিলও করছেন।
তৃণমূলে সংগঠিত হচ্ছে :
মুন্সীগঞ্জের শ্রীপুর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি বলেন, এলাকায় নেতৃত্ব-শূন্যতা আছে। কিন্তু কর্মীরা বা সমর্থকরা এখনো এলাকাতেই অবস্থান করছে। তিনি বলেন, “জেলা বা উপজেলার নেতারা তো নাই। এদের সঙ্গে আমাদের কানেকশনও নাই। কিন্তু আমরা যারা ইউনিয়ন নেতা আছি, আমাদের মাধ্যমেই যোগাযোগ হচ্ছে। আমরা মিছিল করেছি, মোবাইলে যোগাযোগ করে।’’
অন্যদিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা বলেন, তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে, যে যেই এলাকায় আছে, সেখানেই কার্যক্রম পরিচালনা করতে।
তিনি বলেন, “আমাদের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে একত্রিত হচ্ছে। যারা কানেকশনের বাইরে চলে গিয়েছিল, তারাও একত্রিত হচ্ছে।’’
দেশে এসে গোপনে বৈঠক :
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে একজন হলেন রঞ্জিত সরকার, যিনি সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ-সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, ৫ আগস্টের পর তিনি প্রথমে যুক্তরাজ্যে যান এবং পরে সেখান থেকে ভারতে এসে অবস্থান নেন। এই নেতা সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে দেশে প্রবেশ করেন। রাতারগুলে গোপন বৈঠক করে ফের সীমান্ত পেরিয়ে পালিয়ে যান। গুঞ্জন রয়েছে, দলের পরিচয় ব্যবহার করে অর্থের বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে অন্যান্য রাজনৈতিক দল। তাদের আশ্রয়-প্রশ্রয়ে পলাতক নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। তৃণমূলে এমন নানা তৎপরতা চলছে বলে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস জানিয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে এক সভায় মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর বিএনপির কিছু স্বার্থান্বেষী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন।
জুলাইপন্থিদের ওপর হামলা, পরে মামলা-গ্রেপ্তার :
কুষ্টিয়ার দৌলতপুরে জুলাই আন্দোলনের নেত্রী ও এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটেছে। এঘটনার মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এর আগে মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন এ তথ্য জানান। এছাড়াও উত্তরা পূর্ব থানা এলাকায় পৃথক অভিযানে মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।
ডিসেম্বরে ফিরতে অনড় অবস্থানে আওয়ামী লীগ :
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে সরকার। এরপরও আগামী ডিসেম্বরেই তাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনায় অটল বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনার পক্ষে তার পাসপোর্ট ও এনআইডি চেয়ে নতুন দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন জমা দেয় যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। হাসিনার প্রত্যাবর্তনকে রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুতে পরিণত করে বিএনপি সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করাই আওয়ামী লীগের উদ্দেশ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।
সরকারের কঠোর অবস্থান জানা সত্ত্বেও আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, ডিসেম্বরে হাসিনাকে দেশে ফেরাতে ভেতরে ভেতরে সব ধরনের প্রস্তুতি চলছে। নভেম্বরের মধ্যেই নেতাকর্মীদের ভারতের কোলকাতায় জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সাবেক একজন প্রতিমন্ত্রী নিশ্চিত করেন, ডিসেম্বরে লাখো নেতাকর্মীকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা। তিনি দাবি করেন, পাসপোর্ট ও এনআইডি চাওয়ার মূল লক্ষ্যই হলো তার দেশে ফেরার প্রক্রিয়াকে সুগম করা।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোন কিংবা বেনামি বার্তার মাধ্যমে এ ধরনের হুমকি দিচ্ছে।
প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ হওয়া উচিত :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে আলোচনার চেয়ে তার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। কারও বিরুদ্ধে অপরাধের মামলা, দণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়া চলমান থাকলে তার প্রত্যর্পণের বিষয়টি সামনে আসে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মামলা রয়েছে এবং বিভিন্ন মামলায় তার সাজা হয়েছে। তাই তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে হবে।





