রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭-০ গোলে বিধ্বস্ত করল নেদারল্যান্ডস 

প্রথমার্ধে তিজানি রেইন্ডার্সেও হ্যাটট্রিকে শুক্রবার গ্রিসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে নেদারল্যান্ডস।

আমস্টারডামে রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৬ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ক্রিসেনসিও সামারভিল। ১২ মিনিটে দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার রেইন্ডার্স।

১৮ মিনিটে পোস্টের কাছ থেকে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান রেইন্ডার্স। ৩৩ মিনিটে দূরের পোস্টের কাছ দিয়ে বল জালে পাঠিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

বিরতির আগে ডনিয়েল মালেনের ক্রস থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ৫-০ করেন জুরিয়েন টিম্বার। বিরতির পর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আর্সেনালের এই ডিফেন্ডার।

মিনিটখানেক পর দারুণ এক শটে গোল করে ডাচদের বড় জয় নিশ্চিত করেন মালেন। গ্রিসের খেলায় গত মাসের সেই দলের কোনো ছাপই ছিল না, যারা প্রায় নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছিল।

নেদারল্যান্ডসের কোচ জাভি হার্নান্দেজ বলেন, “প্রথমার্ধ ছিল অসাধারণ। তাই খেলোয়াড়দের অভিনন্দন জানাতে হবে। তবে এটি কেবল একটি ম্যাচ। আমাদের এভাবে খেলা চালিয়ে যেতে হবে। তবে এটাই সঠিক পথ।”

গ্রুপ ‘এ২’-তে ম্যাচের আগে অপরাজিত ছিল গ্রিস। জার্মানির বিপক্ষে দুই ম্যাচ থেকে তারা চার পয়েন্ট পেয়েছিল। অক্টোবরে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই গোলে এগিয়েও গিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত রেইন্ডার্সের গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।

গ্রিসের উইঙ্গার ক্রিস্টোস তজোলিস বলেন, “আজকের ম্যাচ নিয়ে বলার মতো তেমন কিছু নেই। আমাদের শুরুটা ছিল খুবই বাজে। প্রতিপক্ষ যতবার সুযোগ পেয়েছে, ততবারই আমরা গোল হজম করেছি। আমার মনে হয়, জাতীয় দলের ইতিহাসে প্রথমার্ধের সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল এটি।”

১১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। গ্রিস ও জার্মানি দুই দলের চেয়ে তারা তিন পয়েন্ট এগিয়ে। শেষ রাউন্ডের ম্যাচ সামনে রেখে বড় জয়ের সুবাদে ডাচদের কোয়ার্টার ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেছে।

সোমবার বার্লিনে নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে জার্মানি। অন্যদিকে নিজেদের মাঠে সার্বিয়ার মুখোমুখি হবে গ্রিস। পাঁচ ম্যাচ খেলে এখনো পয়েন্টের দেখা পায়নি সার্বিয়া। বেলগ্রেডে জার্মানির কাছে ৩-১ গোলে হারের ম্যাচে নয়জন খেলোয়াড় নিয়ে শেষ করতে হয়েছে তাদের।