সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে আরও সাতটি কারখানায় শনিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার সকালে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। কাজে যোগ দিতে এসে নোটিশ দেখে অনেক শ্রমিক ফিরে যান। তবে শিল্পাঞ্চলের কয়েকটি এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা দেখা গেলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৪০টি কারখানা বন্ধ করা হয়েছে। এ ধারার আওতায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর থাকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, জামগড়া, নরসিংহপুর, জিরাবো, নিশ্চিন্তপুর ও পুকুরপাড় এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকরা ন্যূনতম মজুরি, হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছিলেন। কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে কাজে ফেরার আহ্বান জানানো হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বন্ধ কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, বর্তমানে আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। খোলা থাকা কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।





