শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং উদ্ভূত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানায়, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা কাজ করছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। প্রযুক্তিনির্ভর এই নজরদারির অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই এই বিশেষ নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।





