অসমান দাঁত বা চোয়ালের সমস্যা দূর করতে অনেকেই দাঁতে ব্রেস পরান। বড়রা তো এই চিকিৎসা নেনই, তবে বেশি নেন শিশুরা। দাঁতে ব্রেস পরালে যত্ন নিতে হয় সঠিকভাবে। ব্রাশ করা থেকে শুরু করে খাদ্যাভ্যাসেও আনতে হয় পরিবর্তন। ভারতের দাঁতের চিকিৎসক ডা. সঙ্কেত চক্রবর্তী জানান, সাধারণ দাঁত এবং ব্রেস পরা দাঁতের ব্রাশ করার ধরন কিংবা পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়টা এক রকম নয়। তিনি বলেন, ‘শিশুরা যেন নিয়মিত দাঁতের যত্ন নেয়, একে বাড়তি ঝামেলা বলে মনে না করে, সে জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। নয়তো ক্যাভিটি, মাড়ি থেকে রক্তপাত কিংবা ব্যাক্টেরিয়াল ইনফেকশন-এর সমস্যা দেখা দিতে পারে।’
যেভাবে যত্ন নেওয়া জরুরি
সঠিক ব্রাশ ও ফ্লসিং: নরম ব্রিসলযুক্ত টুথব্রাশ এবং ফ্লুওরাইড-যুক্ত টুথপেস্ট দিয়ে দিনে দু’বার দাঁত মাজতে হবে। ডেন্টিস্টের পরামর্শমতো ওয়াটার-ফ্লস ব্যবহার করতে হবে।
ডিসপোজ়েবল ওরাল ওয়াইপস: স্কুলে বা বাইরে থাকাকালীন শিশুরা অনেক সময় খাওয়ার পরেই ব্রাশ করা কিংবা মুখ ধোয়ার সুযোগ পায় না। সে ক্ষেত্রে ডিসপোজেবল ওরাল কেয়ার ওয়াইপস দিয়ে দাঁত ও মাড়ি পরিষ্কার করে নেওয়া যেতে পারে।
মিষ্টি খাবার কম খাওয়া: অতিরিক্ত মিষ্টি খাবার বা সোডা জাতীয় পানীয় খাওয়ার অভ্যাস কমানো এবং পর্যাপ্ত পানি পানের অভ্যাস জরুরি।
রিমুভেবল অ্যাপ্লায়েন্স পরিষ্কার রাখা: যে শিশুরা ফিক্সড মেটাল ব্রেসেসের বদলে রিমুভেবল অ্যালাইনার ব্যবহার করে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বড়দেরও সঠিক নিয়ম মেনে দাঁতের যত্ন নিতে হবে।
কোন ধরনের ব্রেস ভালো?
সঙ্কেত চক্রবর্তী বলেন, ‘শিশুদের আমরা মেটাল ব্রেস পরার পরামর্শ দিই। তাতে সাময়িকভাবে দেখতে একটু খারাপ লাগে। কিন্তু এর নেপথ্যে অনেক কারণ রয়েছে। সঙ্কেতের কথায়, মেটাল ব্রেসেস পরার পরে প্রায় মাসেই ফলো-আপে যেতে হয়। তখন কোথাও অতিরিক্ত প্রেশার পড়ে মেটাল ব্রেসের তার বেঁকে গেলে সেটা ঠিক করে দেওয়া হয়। মাড়িতে কেটে-ছড়ে গেলেও সেটা চিকিৎসকদের চোখে পড়ে।’ অন্যদিকে ক্লিয়ার অ্যালাইনার পরে আপাতভাবে ঝঞ্ঝাট-মুক্ত মনে হলেও, দীর্ঘমেয়াদে সমস্যা বাড়ে।





