শুটিংয়ে কী হয়েছিল সোহেল খানের, জানালেন জয়

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ দেশের বিনোদন অঙ্গন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে মারা যান তিনি।

জানা গেছে, শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হোটেলকক্ষ থেকে বের হওয়ার মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন এই অভিনেতা। পরে তাকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও সহশিল্পীরা। মৃত্যুর কিছুক্ষণ পরই তাকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

‘নসিব’ সিনেমার শুটিংয়ে সোহেল খানের সঙ্গে একই ইউনিটে ছিলেন তিনিও। ফেসবুক পোস্টে সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে জয় লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম “নসিব”।

ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল।

রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত হন। একক নাটক ও ধারাবাহিক- দুই মাধ্যমেই কাজ করে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, আবার কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে।

সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন সোহেল খান। এতে তাকে দেখা গেছে একটি গ্যারেজের মালিকের চরিত্রে। অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘ সময় দর্শকদের বিনোদন দিয়ে গেছেন সোহেল খান। তার আকস্মিক বিদায়ে সহকর্মীদের পাশাপাশি শোকাহত ভক্তরাও।