হরমুজ প্রণালিতে ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালির নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর নৌমাইনের আঘাতে একটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্যাংকারটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই সঙ্গে ওই প্রণালির আকাশে একটি ‘শত্রুর গোয়েন্দা ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তিনটি তেলের ট্যাংকার নিজেদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালির পূর্ব পাশের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। এ সময় সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনের আঘাতে একটি ট্যাংকারে আগুন ধরে যায়। এ পরিস্থিতিতে সঙ্গে থাকা অন্য দুটি ট্যাংকারও পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য হয়। তবে ট্যাংকারগুলোর নাম বা এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

ইরানের নৌবাহিনী পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত’ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকবে।

অন্যদিকে, গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত অপর এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, পারস্য উপসাগরের জলসীমার ওপর একটি গোয়েন্দা ড্রোন শনাক্ত করার পর দেশীয় প্রযুক্তিতে তৈরি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনটি কোন দেশ বা সংস্থার এবং ঠিক কখন সেটি ভূপাতিত করা হয়েছে, সে তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে তেহরান ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। পরবর্তীতে চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে গত জুনে একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ের কারণে সেই উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

সূত্র: আনাদোলু