ইসরাইলের সাথে আরো আরব দেশের সম্পর্ক স্বাভাবিকের আশা হ্যারজগের

ঢাকা: ইসরাইলের সাথে ভবিষ্যতে আরো আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হ্যারজগ। সোমবার দুবাইয়ে চলমান দুবাই এক্সপো-২০২০ পরিদর্শনে এসে এই কথা বলেন তিনি।

আইজ্যাক হ্যারজগ বলেন, ‘আমি আশা করি ও বিশ্বাস করি আরো দেশ সংযুক্ত আরব আমিরাতের পথ অনুসরণ করবে এবং ইবরাহীমি চুক্তির সাথে যুক্ত হবে।’

২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি স্বাক্ষর করে। খ্রিস্টান প্রধান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইহুদি ইসরাইলের সাথে মুসলিম দেশ আমিরাত ও বাহরাইনের এই চুক্তিকে তিন ধর্মের পূর্বপুরুষ হিসেবে বিবেচিত ইবরাহিমের নাম অনুসারে ‘ইবরাহীমি চুক্তি’ হিসেবে উল্লেখ করা হয়।

দুবাই এক্সপোতে তিনি বলেন, ‘ইতোমধ্যেই আমাদের বাণিজ্য এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। মোট ১২০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং গবেষণা ও উন্নয়নের জন্য এক শ’ মিলিয়ন ডলারের তহবিল গঠন করা হয়েছে।’

এদিকে সফরের শেষ দিন সোমবার দুবাই সফরে এসে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের সাথে বৈঠক করেছেন ইসরাইলি প্রেসিডেন্ট।

পরে এক টুইট বার্তায় বৈঠকের কথা জানিয়ে তিনি লিখেন, ‘দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের সাথে আজ চমৎকার আলোচনা হলো। বাণিজ্য, আবিষ্কার, পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রে ইসরাইল ও আমিরাতের সহযোগিতা গভীর করাসহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট বিশেষ ইতিহাস নিয়েও আমরা আলোচনা করেছি।’

এদিকে ইসরাইলি প্রেসিডেন্টের সফরের মধ্যেই ইয়েমেন থেকে হাউছি বিদ্রোহীরা আমিরাত লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে। আমিরাতের সামরিক বাহিনী ওই হামলা অবশ্য ঠেকিয়ে দেয়।

আমিরাতে হাউছি রকেট নিক্ষেপ সত্ত্বেও সফর অব্যাহত রেখেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হ্যারজগ।

এর আগে রোববার সকালে প্রথম ইসরাইলি প্রেসিডেন্ট হিসেবে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে আসেন আইজ্যাক হ্যারজগ। রাজধানী আবুধাবিতে বিমানবন্দরে তাকে স্বাগত জানান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান।

দুই দিনের সরকারি সফরে প্রেসিডেন্ট হ্যারজগের সাথে তার স্ত্রী ও ইসরাইলের ফার্স্টলেডি মিশেল হ্যারজগও রয়েছেন।

রোববার রাজধানী আবুধাবি সফরে দেশটির কার্যত শাসক ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে বৈঠক করেন তিনি।

বৈঠকে উভয় নেতা পারস্পরিক সম্পর্ক গভীর ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন বলে নিজ নিজ টুইটার একাউন্টে জানান। তথ্যসূত্র : আলআরাবিয়া।

প্রভাতনিউজ/এবিএস