মেক্সিকো সিটিতে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। বিরুপ আবহাওয়ার কারণে ম্যাচটির সময়সূচি পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। তবে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে সময় পরিবর্তনের আশঙ্কা থাকা সত্ত্বেও, নির্ধারিত সময়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচের দিন সন্ধ্যায় মেক্সিকোর রাজধানীতে বৈরী আবহাওয়ার আশঙ্কায় দেশটির সরকার ম্যাচটি এগিয়ে দুপুর ১২টায় নিয়ে আসার জন্য জোর তদবির চালিয়েছিল। সরকারের মূল ভয় ছিল বজ্রঝড়। আবহাওয়া পূর্বাভাসের কারণে ফিফা মেক্সিকোর ম্যাচটি এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করেছিল।
মেক্সিকোর গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচের সময় পরিবর্তন করা হলে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হতে পারে। উল্লেখ্য, বৃষ্টির কারণে এই সপ্তাহের শুরুর দিকে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর শেষ-৩২ পর্বের ম্যাচটি বিলম্বিত হয়েছিল। সব মিলিয়ে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের গরম হাওয়া ম্যাচটিকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলেছে।





