প্রথম সিজনের সাফল্যের পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ওটিটি কাঁপানো ওয়েব সিরিজ ‘ফেউ’-এর পরবর্তী কিস্তির জন্য। দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে, সুকর্ণ সাহেদ ধীমান পরিচালিত এই সিরিজের দ্বিতীয় সিজন। আর এই বহুল আলোচিত সিরিজে নিজের অভিনয় দক্ষতার নতুন প্রমাণ নিয়ে হাজির হচ্ছেন ঢালিউডের প্রতিশ্রুতিশীল ও গ্ল্যামারাস অভিনেত্রী তাহমিনা অথৈ।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘কালবেলা’ এবং ওটিটিতে নিজের কাজ দিয়ে ইতোমধ্যেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন তাহমিনা অথৈ। ‘ফেউ’ সিরিজের প্রথম সিজনে তার সাবলীল ও রহস্যময় চরিত্রটি দর্শকের নজর কেড়েছিল। দেশভাগ, মুক্তিযুদ্ধ এবং ১৯৭৯ সালের ঐতিহাসিক মরিচঝাঁপি হত্যাকা-ের মতো জটিল ও রাজনৈতিক প্রেক্ষাপটের এই গল্পে তার চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কিস্তির যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন জট খুলবে এই সিজনে।
জানা গেছে, দ্বিতীয় সিজনে অথৈর চরিত্রটি আরও বেশি ম্যাচিউরড এবং গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ হিসেবে আবির্ভূত হবে। চঞ্চল চৌধুরী, তারিক আনাম খান ও মোস্তাফিজুর নূর ইমরানের মতো তুখোড় অভিনেতাদের পাশে নিজের অবস্থান আরও দৃঢ় করার চ্যালেঞ্জ নিয়ে পর্দায় আসছেন তিনি।
সুনীতা চরিত্রের জন্য ২০ কেজি ওজন বাড়াতে হয়েছিল জানিয়ে তাহমিনা অথৈ রূপালী বাংলাদেশকে বলেন, ‘ফিউ হচ্ছে আমার ফার্স্ট স্টেজ। এটা আমার খুব পছন্দের একটা কাজ। এতে গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছি। গত শীতে প্রায় দেড় মাস শুটিং করেছি। সে সময় প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস শীত ছিল, এটা আমার ভালো কাজের মধ্যে অন্যতম। আশা করছি, আমার চরিত্রটা দর্শক হৃদয়ে জায়গা করে নেবে।’
কাজটির জন্য দর্শকরা মুখিয়ে আছেন উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম সিজন আসার পর দ্বিতীয় সিজনের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। প্রথম সিজন দর্শকরা এতটা ভালোবাসা দিয়েছে যে, দ্বিতীয় সিজনের জন্য তাগিদ দিচ্ছেন। আমার অভিনয়ের সার্থকতা এখানেই। কারণ, দর্শকরা চরিত্রটা গ্রহণ করেছেন। আশা করছি, দ্বিতীয় সিজনও দর্শক হৃদয়ে দাগ কেটে যাবে।’
সিরিজের সংশ্লিষ্টরা জানান, প্রথম ও দ্বিতীয়Ñদুটি সিজনের শুটিং মূলত একসঙ্গেই সম্পন্ন হয়েছিল। সুন্দরবনের দুর্গম অঞ্চল, কর্দমাক্ত পথ আর চারপাশে কুমিরের ভয়ের মতো কঠিন প্রাকৃতিক প্রতিকূলতা পার করে এই সিরিজের কাজ করতে হয়েছিল পুরো টিমকে। এমন চ্যালেঞ্জিং একটি লুকে নিজেকে মানিয়ে নেওয়া এবং একটানা শুটিংয়ের কঠিন ধকল সামলানো তরুণ এই অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম একটি বড় অভিজ্ঞতা ছিল।
২০২৫ সালের ৩০ জানুয়ারি ‘ফেউ’-এর প্রথম সিজন মুক্তির পর অল্প সময়ের ব্যবধানেই দ্বিতীয় পার্ট আসার কথা থাকলেও পোস্ট-প্রোডাকশন, সূক্ষ্ম সম্পাদনা এবং নানাবিধ কারিগরি জটিলতার কারণে মুক্তি বিলম্বিত হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এবার আর দর্শকদের নিরাশ করছে না ওটিটি প্ল্যাটফর্ম চরকি। চলতি বছরের শেষ নাগাদ গল্পের পূর্ণাঙ্গ পরিণতি নিয়ে হাজির হচ্ছে পুরো টিম, যেখানে তাহমিনা অথৈও থাকবেন অন্যতম আকর্ষণে।
রহস্য, রোমাঞ্চ আর ইতিহাসের মেলবন্ধনে তৈরি এই থ্রিলারটির শেষ কিস্তিতে তাহমিনা অথৈ তার নতুন চমক দিয়ে দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেনÑ এখন সেটাই দেখার অপেক্ষা।





