তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

সোমবার (৯ নভেম্বর), দেশটির ইজমির শহরের কাছে আলিয়াগা এলাকার, হাবাস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর তদন্তের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ।

স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। আলিয়াগা এলাকাটি এজিয়ান সাগরের তীরবর্তী ইজমির শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনা তদন্ত করে দেখা হবে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলেও জানানো হয়েছে।

ইজমিরের গভর্নর জানান, কারখানার একটি বড় শিল্প চুল্লির বয়লার পরিবর্তনের কাজ চলছিল। এ সময় ওপর দিকে থাকা একটি ভারী ক্রেন ভেঙে সরাসরি চুল্লির ওপর পড়ে। এতে ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত হয়।

মেয়র সেমিল তুগায় বলেন, ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতদের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া কঠিন।

প্রত্যক্ষদর্শী দানিজ উলকার বিস্ফোরণের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। তার ভাষায়, বিস্ফোরণের শব্দ ও কম্পন এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে।

তিনি বলেন, ‘রাস্তার ওপাশে থাকা কারখানাটির দিকে তাকিয়ে দেখি, সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। চিমনির কাছে আগুন জ্বলতে শুরু করেছিল।’

এদিকে, কারখানাটিতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল বলে অভিযোগ করেছে শ্রমিক সংগঠনগুলো।

তুরস্কের ছোট বামপন্থি রাজনৈতিক দল লেবার পার্টির ইজমির শাখা জানিয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে কারখানাটিতে এটি তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংগঠনটি আরও জানায়, গত ১০ বছরে, ওই কারখানায় বিভিন্ন দুর্ঘটনায় সাতজন কর্মী নিহত হয়েছেন। তাদের অভিযোগ, কারখানাটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং প্রয়োজনীয় নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।

এদিকে, এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজানসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

বিস্ফোরণের কারণ এবং কারখানার নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে তুরস্কের সরকার।