নেত্রকোনার মোহনগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচল ও নির্ধারিত সময়সূচিতে কোনো বিঘ্ন ঘটেনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ‘ঢ’ নম্বর বগিতে আগুন দেখতে পান রেলওয়ের কর্মীরা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর হাওর এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর রেলকর্মীরা একটি বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে ভেতরে গিয়ে আগুন জ্বলতে দেখতে পান তারা। এতে বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম বলেন, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে চারটি আসন পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সময়সূচিও স্বাভাবিক ছিল।
স্টেশনমাস্টার জহিরুল ইসলাম আরও জানান, এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রাত সোয়া ১টার দিকে রেললাইনে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে একই রাতে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
একই সময়ে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে পৌরসভা কার্যালয়সংলগ্ন সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোহনগঞ্জ উপজেলা কমিটির সভাপতি লতিফুর রহমান এবং তার ভাই উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
এ বিষয়ে জানতে লতিফুর রহমান ও তার ভাই সুলতান আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে সুলতান আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বাসার আসবাবপত্র ভাঙচুরের ছবি প্রকাশ করেন।
সেখানে তিনি লেখেন, সারা জীবন সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। অথচ শুধু আওয়ামী লীগ করার কারণে আমার বাসায় তিনবার হামলা ও লুটপাট করা হয়েছে। এবার ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ কিছুই অবশিষ্ট রাখেনি। এ ধরনের সন্ত্রাস, লুটপাট ও হানাহানি কোনো রাজনৈতিক দলের জন্যই শুভ লক্ষণ নয়। মনে রাখতে হবে, ক্ষমতা কারও চিরস্থায়ী নয়।
অন্যদিকে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, কারা এসব হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত, তা তাদের জানা নেই। তবে বিএনপি কিংবা দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নন বলে তিনি দাবি করেন।
সার্বিক পরিস্থিতি ও ঘটনাগুলো সম্পর্কে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, ট্রেনে আগুন দেয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে ঘটনাটি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।
তিনি আরও বলেন, রাতে অজ্ঞাত স্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মশাল মিছিল করে এর ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলোও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এসব ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিছু চেয়ার-টেবিলে আগুন ধরিয়ে দেয়া হয় এবং বাড়ির গেটের বাইরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।





