ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্পেন কোচ

নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

হাঁটুর সমস্যার কারণে বৃহস্পতিবার প্রাগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচে খেলতে পারবেন না ১৯ বছর বয়সী এই উইঙ্গার। ওই ম্যাচের পর স্পেন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

রোববার এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচে খেলেছিলেন ইয়ামাল। তবে সোমবার স্পেন জানায়, চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ খেলতে তিনি দলের সঙ্গে সফর করবেন না।

সাংবাদিকদের দে লা ফুয়েন্তে বলেন, ‘সর্বশেষ ম্যাচে সে চোট পেয়েছে, হাঁটুতে অস্বস্তি অনুভব করছিল। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে বার্সেলোনায় স্ক্যান করানো হয়। সেখানে দেখা গেছে, হাঁটুতে প্রদাহ ও তরল জমেছে। এ কারণে তার বিশ্রাম প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমাদের চিকিৎসক দল ও তার ক্লাবের চিকিৎসক দলের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। সে খেলার মতো অবস্থায় থাকবে কি না, তা নিশ্চিত না হয়েই তাকে এখানে নিয়ে আসা এড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

রোববার মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালের সুস্থ হয়ে ওঠার ব্যাপাওে আশাবাদী কোচ, ‘সে তার ফিজিও ও ক্লাবের সঙ্গে কিছু ব্যায়াম করছে। তাতে বোঝা যাচ্ছে, সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে।’

অক্টোবরে ব্যালন ডি’অর ভোটে তৃতীয় হওয়া ইয়ামালকে স্পেনের অন্য সতীর্থদের তুলনায় বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে- এমন ধারণাও নাকচ করে দিয়েছেন দে লা ফুয়েন্তে।

কোচ বলেন, ‘তার কোনো বিশেষ সুবিধা নেই। সতীর্থরাও এ নিয়ে স্বস্তিতে আছে, কারণ আমরা সবার সঙ্গে একই আচরণ করি।’

‘এ ধরনের পরিস্থিতিতে অন্য কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেও আমরা ঠিক একই সিদ্ধান্ত নিতাম। খেলোয়াড়েরা তা জানে।’

নেশন্স লিগে গ্রুপ ‘এ৩’-এ এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন।

দে লা ফুয়েন্তের দল প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ৪৩ ম্যাচ অপরাজিত রয়েছে। কোচের মতে, এই সাফল্য দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা নতুন নতুন মাইলফলক গড়তে চাই। এটিও তেমনই একটি মাইলফলক।’

‘আমাদের কেউই সম্ভবত কখনো ভাবিনি যে ৩৫ ম্যাচ পর্যন্ত পৌঁছাতে পারব। কারণ, তখনই সংখ্যাটিকে অবিশ্বাস্য মনে হয়েছিল। কিন্তু এখন ৪৩-এ পৌঁছানোর পর মনে হচ্ছে, অবিশ্বাস্য! আমরা অবশ্যই ৪৪-এ পৌঁছাতে চাই।’

সর্বশেষ ম্যাচে ক্রোয়েশিয়ার মাঠে আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনোর জোড়া গোলে জয় পেয়েছিল স্পেন।

দে লা ফুয়েন্তে প্রায়ই মেরিনোকে বদলি হিসেবে মাঠে নামান এবং তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবারের গ্রীষ্মে বিশ্বকাপে পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করেছিলেন মেরিনো।

স্পেনের হয়ে শুরুর একাদশে খেলতে চান বলে জানিয়েছেন এই মিডফিল্ডার। তবে এ নিয়ে কোচের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করবেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।

মেরিনো বলেন, ‘অবশ্যই, কোন খেলোয়াড় আরও বেশি সময় মাঠে থাকতে চাইবে।’

‘কোচের সিদ্ধান্ত নিয়ে আমাকে কখনো অভিযোগ করতে শুনবেন না। আমি সেটিকে সম্মান করব। তবে সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ হতে চায়, মাঠে সময় পেতে চায় এবং খেলা উপভোগ করতে চায়।’