জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছে। ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের ছোড়া ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো, যা যুদ্ধ শুরুর পর থেকে বিরল ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া রাজধানী কিয়েভে এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ছোড়া সাত শতাধিক ড্রোনের আঘাতে আরও একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ।
অন্যদিকে, রুশ-নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নার্স ও গাড়িচালক নিহত হয়েছেন এবং হাসপাতালের প্রধান চিকিৎসকসহ আরও দুজন আহত হয়েছেন বলে দাবি করেছে রুশ-সমর্থিত কর্তৃপক্ষ। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের সব হামলা কেবল সামরিক সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করেই চালানো হয়েছে।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও অবকাঠামো স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, সকালে বিমান হামলার সতর্কতার মধ্যেই বিস্ফোরণ ও ড্রোন হামলার ঘটনা ঘটে, যার ফলে রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, একটি তাপবিদ্যুৎকেন্দ্র এবং কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জামবাহী একটি জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এর পাল্টা জবাবে শনিবার রাশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা জানায়, রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বার হামলা চালানো হয়েছে। পাশাপাশি সামারা অঞ্চলের অপরিশোধিত তেল কেন্দ্র ‘এলপিডিএস সামারা’ এবং বাশকোর্তোস্তানের তেল পাইপলাইন পাম্পিং স্টেশন ‘এলপিডিএস নুরলিনো’তে আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতের অভিযানে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ধ্বংস করেছে। তবে মোট কতটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল বা কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সে বিষয়ে কিছু জানায়নি মস্কো। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলের দিকে ধেয়ে আসা ৪৬২টি ড্রোনের বেশির ভাগই ধ্বংস করা হয়েছে, যার মধ্যে আট ঘণ্টায় মস্কোমুখী ১২৩টি ড্রোন ভূপাতিত করা হয়।




