গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র জায়েদা খাতুন বলেছেন, ক্ষমা চাইতে ছেলেকে নিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব।
শুক্রবার (২৬ মে) দুপুরে নগরীর ছয়দানার বাড়িতে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জায়েদা খাতুন জানান, আগামীকাল (শনিবার, ২৭ মে) প্রধানমন্ত্রীর কাছে দেখা করার সময় চাইতে যাবেন। প্রচারণার সময়ই তিনি বলেছিলেন, নির্বাচিত হলে ছেলের জন্য ক্ষমা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন তিনি।
নবনির্বাচিত মেয়র জায়েদা বলেন, ছেলের (সাবেক মেয়র জাহাঙ্গীর আলম) প্রতি যে অবিচার হয়েছে তার প্রতিবাদে নির্বাচনে দাঁড়িয়েছি। ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। নগরবাসী বিমুখ করেননি।
জয়লাভে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সত্যের জয় হয়েছে। সত্যকে কখনও মিথ্যা দিয়ে ঢাকা যায় না। ক্ষমা চাইতে ছেলেকে নিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব।
এ সময় নির্বাচনের বিজয়কে প্রধানমন্ত্রী ও গাজীপুরবাসীকে উৎসর্গ করে জায়েদা খাতুন বলেন, গাজীপুরবাসীর কাছে অনেক ঋণ। সবার ঋণ শোধ করতে চাই কাজ করে। ছেলেকে পাশে নিয়ে কাজ করবো।
এদিকে সকাল থেকে নেতা-কর্মীদের অপেক্ষার সমাপ্তি ঘটান সাবেক মেয়র জাহাঙ্গীর। মা জায়েদা খাতুনের নির্বাচনী সমন্বয়ক হিসেবে কথা বলেন গণমাধ্যমে।
সমর্থকদের নির্ভয়ে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে জাহাঙ্গীর বলেন, পেশিশক্তি দিয়ে মানুষের মন জয় করা যায় না। এ নগরীর মানুষ আমার আপনজন। প্রত্যেকের জন্য মা ও আমার দরজা খোলা। কেউ হুমকি দিলে জানাবেন। সন্ত্রাসীদের গাজীপুর ছাড়া করা হবে।





