১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা: আশিক চৌধুরী

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) আগামী ১৮ মাসের মধ্যেই প্রথম কারখানার উৎপাদন দেখতে চান। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে ডেভেলপার প্রতিষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে প্রথম কারখানা উৎপাদনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন গত মাসে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চায়না গেলাম। এত দ্রুত কাজ হচ্ছে যে মনে হচ্ছে এক মাসে এক বছরের পরিমাণ কাজ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, গত মাসে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চায়না গেলাম, তখন আমাদের যে ডেভেলপার কোম্পানি আছেন, উনাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। কথায় কথায় একটা প্রশ্ন এসেছিল যে এই জোনটা চালু করতে আসলে কতদিন সময় লাগবে। উনারা প্রথমে বলেছিলেন তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে ১৮ মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরি এখানে দেখতে চান। এবং উনাদের চেয়ারম্যানও এরপর প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রথম ১৮ মাসের মধ্যেই আমরা এই এলাকায় প্রথম ফ্যাক্টরিটা প্রোডাকশনে দেখতে পাব।

চীনা বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, আমার একমাত্র অনুরোধ, আমাদের মাননীয় এমপিরা, আনোয়ারার এমপি, চট্টগ্রামের এমপিরা, আনোয়ারাবাসী এবং চট্টগ্রামবাসী সবার কাছে- আমাদের চাইনিজ ইনভেস্টররা আমাদের অতিথি। উনারা বাংলাদেশে এসেছেন একটা আশা নিয়ে, এখানে বিনিয়োগ করবেন। বিনিয়োগ করে উনারা অবশ্যই নিজেদের লাভ নিয়ে যাবেন এবং নিজেদের সমৃদ্ধির কথা চিন্তা করবেন, কিন্তু একই সঙ্গে আমাদের দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে।

তিনি বলেন, আমার অনুরোধ হচ্ছে, আপনারা তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন, যাতে খুব দ্রুত এই জোনটা দাঁড়িয়ে যায়। এই জোনটা দাঁড়িয়ে গেলে এই এলাকার চেহারা বদলে যেতে একদম সময় লাগবে না। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই জোনটা যত দ্রুত সম্ভব চালু করা এবং সেই সঙ্গে চট্টগ্রামের যত বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

যেকোনো সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আশিক চৌধুরী বলেন, কোনো সমস্যা যদি আপনারা ফেস করেন, কোনো ধরনের সমস্যা যদি উনারা ফেস করেন, তাহলে আমরা সবাই মিলে সেটার সমাধান করব। আমাদের প্রধানমন্ত্রী যেভাবে বলেন, ‘সবার আগে বাংলাদেশ’-আমরাও নিজেদের স্বার্থের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেব।

তিনি আরও বলেন, আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিনিয়োগের আসলে কোনো বিকল্প নেই। আমরা বিদেশি বিনিয়োগের একটি বিরাট সুযোগ পেয়েছি। বিদেশি বিনিয়োগ আসবে, বাংলাদেশ এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পথে আপনারা সবাই সহযোগিতা করবেন।