‘অভিনয় করেই গড়েছি গাড়ি-বাড়ি, এখন আর সেই দিন নাই’

দুই দশকের বেশি অভিনয় ক্যারিয়ার। এখনো সমানতালে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে নিজেকে প্রমাণের চেষ্টায় আ খ ম হাসান। অভিনয় করেই পেয়েছেন খ্যাতি, গড়েছেন অর্থবিত্ত। তাই তো তার সরল স্বীকারোক্তি, ‘অভিনয় করেই গড়েছি গাড়ি-বাড়ি।’

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও অভিনয় পেশার বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলেন আ খ ম হাসান। তিনি বলেন, এখন একজন শিল্পীকে এক ঘণ্টার নাটকে এক বা দুই দিনে ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। তবে যেসব শিল্পীর নাটকে বেশি ভিউ হয়, তাদের পারিশ্রমিকও সে অনুযায়ী দেওয়া হয়।

অভিনয়ের মাধ্যমে নিজের ও সমসাময়িক অনেক শিল্পীর আর্থিক সাফল্যের কথা তুলে ধরে তিনি জানান, অভিনয় করে তিনি নিজেও গাড়ি-বাড়ি করেছেন। একইভাবে তার সমসাময়িক অনেকেই অভিনয় করে স্বাবলম্বী হয়েছেন এবং সন্তানদের ভালো স্কুলে পড়াচ্ছেন।

অভিনয় পেশা নিয়ে আগের সময়ের সামাজিক দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে আ খ ম হাসান বলেন, আগে নানা-নানিরা বলত, যাত্রা-অভিনয় করে ফাতরারা। এখন আর সেই দিন নাই।

তিনি বলেন, বর্তমানে অভিনয়ের নানা মাধ্যম তৈরি হয়েছে। ফলে অভিনয় পেশার সুযোগও বেড়েছে। ক্যারিয়ারের ২৩ বছর পার হলেও তার ব্যস্ততা দিন দিন বাড়ছে বলে জানান এই অভিনেতা।

সম্প্রতি আ খ ম হাসান অভিনীত ‘লাইফলাইন’ নামে একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। এতে সন্তানকে বাঁচাতে নিজের কিডনি হারানো এক বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার কথায়, এই কাজটি দিয়ে আমার দ্বিতীয় ইনিংস শুরু হতেও পারে। আমি মনে করি, এই জেনারেশনের প্রত্যেকটা সন্তানের ‘লাইফলাইন’ দেখা উচিত।