চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।
মির্জা আব্বাসের দেশে ফেরার খবর পেয়ে সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। অনেকের হাতে ছিল দলীয় পতাকা ও ব্যানার।
দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের দেশে ফেরাকে ঘিরে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তার আগমনকে কেন্দ্র করে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির জানান দিতে চান তারা।
পরিবারের সদস্য ও বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার কুয়ালালামপুরের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন।
এর আগে, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।





