গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ব্যাপক হারে বিজিবি, এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যৌথ বাহিনীর কঠোর অবস্থানের মুখে সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে আন্দোলনকারীরা মাঠে নামার চেষ্টা করেও পিছু হটতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
তিনি জানান, আন্দোলন সামাল দিতে গত সোমবার (২ নভেম্বর) ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি কাজ করলেও মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি নিয়োগ দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) আরও ১ প্লাটুন বাড়িয়ে মোট ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। মোট ২৫ প্লাটুন যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত এই বিশেষ টিমের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
একই সাথে আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর, সাভার, আশুলিয়া এবং নারায়ণগঞ্জ এলাকার বিভিন্ন পয়েন্টে কিছু লোক আন্দোলনে নামার চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও তৎপরতার কারণে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা বা সুবিধা করতে না পেরে বাধ্য হয়ে আন্দোলনস্থল ত্যাগ করে সরে যায়।
সহকারী কমিশনার আরিফ হোসাঈন আরও জানান, আজ থেকে গুরুত্বপূর্ণ পোশাক কলকারখানার মূল ফটকের সামনে যৌথ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। কোনোক্রমেই আন্দোলনরত শ্রমিকদের সড়ক ও মহাসড়কে অবস্থান নিতে বা অবরুদ্ধ করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুর, সাভার ও আশুলিয়ার কোথাও নতুন করে বড় ধরনের বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।





