জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জর্ডানে একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছেন দেশটির আদালত। রোববার এ রায় ঘোষণা করা হয়।

এদিকে হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে এ বছর বড়দিনের সব ধরনের উদ্যাপন বাতিলের ঘোষণা দিয়েছে দেশটির খ্রিষ্টান সম্প্রদায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২৩ অক্টোবর জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে হামলা চালায় বন্দুকধারীরা। এতে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন।

কর্তৃপক্ষ জানায়, হামলার পর হামলাকারী দুই ভাই এবং তাদের এক আত্মীয় তিনজনই পালিয়ে যায়। ঘটনার তিন দিন পর তাদের গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তারা উগ্র ইসলামপন্থী মতাদর্শে বিশ্বাসী।

রোববার এক বিবৃতিতে জর্ডানের সামরিক বাহিনী জানায়, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত গির্জায় সন্ত্রাসী হামলা চালানোর দায়ে তিন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।’

আদালত তাদের বিরুদ্ধে প্রাণহানির ঘটনায় সন্ত্রাসী হামলা, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের মতাদর্শ প্রচারের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

আটক অবস্থায় ভিডিও সংযোগের মাধ্যমে আসামিরা আদালতের রুদ্ধদ্বার শুনানিতে অংশ নেন। এ সময় আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জর্ডানে মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ খ্রিষ্টান। দেশটিতে এমন হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

রোববার জর্ডানের গির্জা নেতাদের পরিষদ এক বিবৃতিতে হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে বড়দিনের সব ধরনের উদ্যাপন বাতিলের ঘোষণা দেয়।

তারা গির্জাগুলোকে বড়দিনের সাজসজ্জায় খৃস্টমাস ট্রিকে ‘আশা, ঐক্য ও শান্তির প্রতীক’ হিসেবে তুলে ধরার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি জ্বালানোরও অনুরোধ জানিয়েছে।

নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষে আইনজীবী আমের হালাসেহ বলেন, ‘আদালতের এই রায় সংঘটিত ভয়াবহ ঘটনা ও সন্ত্রাসী অপরাধের ব্যাপকতা তুলে ধরেছে।’

আইনজীবী আরও জানান, হামলাকারীদের কাছে অস্ত্র বিক্রির দায়ে অন্য দুই ব্যক্তিকে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

গির্জায় হামলার প্রতিশোধ নিতে জর্ডান সিরিয়ায় ‘সন্ত্রাসী সংগঠনগুলোর’ অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে ২০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে দেশটি। তবে এ ঘটনায় প্রতিবেশী সিরিয়ার সঙ্গে জর্ডানের মধ্যে সাময়িক কূটনৈতিক সংকট তৈরি হয়।

এর আগে ২০১৬ সালে কারাক এলাকায় ধারাবাহিক কয়েকটি হামলার ঘটনা ঘটে। এসব হামলার বেশিরভাগের জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হয়। ওই সময় সবচেয়ে ভয়াবহ হামলায় একটি নিরাপত্তা কেন্দ্র ও পুলিশের টহল দলকে লক্ষ্যবস্তু করা হয়। এতে ১০ জন নিহত হন।